রামুর তেমুহনীতে জায়গা দখলে নিতে গভীর রাতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর ও লুটপাট

রামু প্রতিনিধিঃ

রামুতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অনেকটা ফিল্মি স্টাইলে রাত সাড়ে চার টায় রামু থানার সামনে অধীর কান্তি দত্তের বাড়িতে এ হামলা ভাংচুর চালায়।

জানাযায়, ২৩ জুলাই (শুক্রবার) রাত সাড়ে চার টায় রামু থানার সামনে ১০ গজের দুরত্বে ব্যবসায়ী অধীর কান্তি দত্তের বাড়ি দখল করার উদ্দেশ্য দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয় রামুু থানা পুলিশ।

আটককৃতরা হল, ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারী কুল এলাকার মৃত প্রিয়দর্শী বড়ুয়ার ছেলে সৌমিক বড়ুয়া, অনিক বড়ুয়া, একই এলাকার রতন বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া ,রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা ঘোনার পাড়া এলাকার মকতুল হোসেনের ছেলে ফরিদুল আলম।

এ ব্যাপারে অধীর কান্তি দত্ত বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত ও ৩০/৩৫  অজ্ঞাত নামা আসামি করে মামলা করেছে রামু থানায়। যার  মামলা নম্বর ৭০/২০২১।

মামলার এজাহারে বাদী অধীর কান্তি দত্ত জানান, দীর্ঘ দিন ধরে হামলাকারীরা তার বসত বাড়ি দখল করার উদ্দেশ্যে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সৌমিক বড়ুয়া ও অনিক বড়ুয়ার নেতৃত্বে ইমন বড়ুয়া, ফরিদুল আলমসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বসত ঘরের প্রতিটি দরজায় তালা লাগিয়ে দিয়ে তাদেরকে ঘরের ভেতর অবরুদ্ধ  করে রাখে। এসময় সন্ত্রাসীরা জায়গা দখলের উদ্দেশ্য টিন ও গাছের খুঁটি দিয়ে ঘেরা দেয়ার চেষ্টা চালায়।

সন্ত্রাসীরা গোডাউনের দরজা ভেঙ্গে তার ছেলে মিঠুন কান্তি দত্তকে এলোপাতাড়ি  কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা থেঁতলানো জখম করে ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ভাতিজা নিউটন কান্তি দত্তকে কিরিচ দিয়ে আঘাত করে। এতে নিউটনের পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।সন্ত্রাসীরা অধীর কান্তির ডেকোরেশনের প্রায় ২০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে রামু থানার ওসি আনোয়ারুল হোছেন ও এস আই আজাদ ঘটনাস্থলে গিয়ে  বসত ঘরে সন্ত্রাসীদের লাগানো তালা  ভেঙ্গে ভুক্তভোগী পরিবারে সদস্যদের মুক্ত ও আহতদের উদ্ধার করে। পরে এলাকাবাসী আহতদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোছেন জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত ৪ জনকে আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে আজ সন্ধায়  এমপি সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন

 

  •  
  •  
  •  
  •  
  •