সিবিকে ডেস্কঃ
রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, এটি কোনো নাশকতা কি না, ষড়যন্ত্র কি না, সেটি আমরা দেখছি। রোহিঙ্গা ক্যাম্পে তারা সিলিন্ডারে রান্নাবান্না করেন। সেখানে পাশেই আমাদের সাতটি ফায়ার সার্ভিস ইউনিট আছে। অস্থায়ী ক্যাম্পগুলোতে আগুন লাগলে নিমেষেই শেষ হয়ে যায়। ঘটনাটি সে রকমই ঘটেছে।
তিনি বলেন, তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করছি। তাতে যদি কোনো নাশকতা, ষড়যন্ত্র কিংবা অন্য ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায়, সেগুলো আমরা দেখবো। সেটা নিয়ে আমরা কাজ করছি। যারা গৃহহারা হয়েছেন, তাদের জন্য আপাতত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ভাসানচরে বিশাল একটি ব্যবস্থা রেখেছি, যারা স্বেচ্ছায় যেতে চান, তাদের সেখানে নিয়ে যাচ্ছি।
এরআগে গতকাল রবিবার বিকেল তিনটার দিকে উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় দুই হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।