সিবিকে ডেস্কঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে জমিলা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে গুলিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই নারী।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।
জমিলা বেগম টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ অন্য দুইজন হলেন একই ক্যাম্পের বাসিন্দা— মনিরা (৪৫) ও নুর ফাতেমা (২৬)।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘ক্যাম্পে সালমান শাহ গ্রুপের ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের মাঝি মনিরার (৪৫) ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জমিলা বেগম ঘটনাস্থলে মারা যান। এ সময় মনিরা ও নুর ফাতেমা নামে আরও দুই নারী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি জানান, ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।