নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে কোরবানি গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন।
রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন পারভেজ (১৭) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন, চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদ সিকদার পাড়া এলাকার আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান। এদিকে ঘটনার সাথে জড়িত ২ জনের আটকের তথ্য নিশ্চিত করেছেন রামু থানা অফিসার ইনচার্জ(ওসি) তৈয়বুর রহমান।
আটককৃতরা হলেন, মধ্যম কাউয়ারখোপ এলাকার মোহাম্মদ নবীর পুত্র মেহেদী হাসান (২০) ও একই এলাকার নুরুল আলমের পুত্র শাহেদ ইমরান বাবু (২৪)।
হামলায় আহত ফুরকান জানান, তার ব্যবসায়ী বাবা আহমদ হোসেন ও তার ভাইসহ গর্জনিয়া পশুর হাট থেকে ২টি গরু কিনে ফিরছিলেন। পথিমধ্যে কাউয়ারখোপের জাদিপাহাড় পৌছাঁলে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে সংজ্ঞবদ্ধ একটি গ্রুপ গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। এদিকে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা গরু উদ্ধারে জড়ো হন। এ সময় স্থানীয়দের সঙ্গে যোগ দেন আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও।
এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করে বাড়ির দিকে রওনা দেয়। পরে পেছন দিক থেকে জাহেদসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের ধারলো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ, আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। আহত একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রামু থানা অফিসার ইনচার্জ(ওসি) তৈয়বুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনায় নেতৃত্বদানকারী জাহেদ সহ অপরাপর দুর্বৃত্তদের আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
