নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন তাদের পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।
নিখোঁজ চারজন হলো: রামু ফতেখাঁরকুল বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, একই এলাকার সৈয়দ উল্লাহ’র ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলা এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল ও বাংলাবাজার মুক্তারকুল এলাকার কলিম উল্লাহ’র ছেলে উমর ফারুক ইমন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারগুলো মর্মাহত হয়ে পড়েছে এবং সন্তানদের ফেরত পেতে প্রশাসন-মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে রামু থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রযুক্তির সহায়তা নিয়ে শিক্ষার্থীদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
