নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবদল নেতা আব্দুল্লাহ ভুট্টো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি স্টেশনে যুবদল নেতা আব্দুল্লাহ ভুট্টা ও তার সহযোগীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও মুহূর্তে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করে। এব্যাপারে ভুক্তভোগী আহমদ উল্লাহ রামু থানায় লিখিত অভযোগ দিয়েছেন।
তিনি জানান, বিগত ইউপি নির্বাচনে মিঠাছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করেন যুবদল নেতা আবদুল্লাহ ভূট্টো। আমরা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুদু মিয়ার পক্ষে প্রচার প্রচারণায় ছিলাম। নির্বাচনে আবদুল্লাহ ভূট্টো হেরে যান। মূলত সে সময় থেকে আহমদ উল্লাহ ও তার পরিবারের প্রতি ক্ষিপ্ত ছিলেন ঐ যুবদল নেতা। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তন হলে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে। না দিলে স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্থ সহ পুলিশ দিয়ে হয়রানীর হুমকি দিয়ে আসছিলো আবদুল্লাহ ভূট্টো।
আহমদ উল্লাহ জানান, চাঁদার টাকা না দেওয়ায় মিঠাছড়ি স্টেশনে যেতে বাধা দেয় ভুট্টো। শুক্রবার সন্ধ্যায় তার ভাই ছালামত উল্লাহ স্টেশনে বাজার করতে গেলে আব্দুল্লাহ ভুট্টো চাঁদার টাকা দেয়নি বলে অস্ত্র হাতে ধাওয়া করে। ছালামত উল্লাহ দৌঁড়ে তার বাড়িতে প্রবেশ করলে পরে তার পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে আসে। সেখানে সবাইকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিতে যায় আহমদ উল্লাহ। এবিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের উপর গুলি চালায় বলে জানান আহমদ উল্লাহ।
বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, আহমদ উল্লাহর পরিবারের সদস্যদের লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাতাড়ি দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো। তবে কারো গায়ে লাগেনি গুলি। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় তারা।
ঘটনার সত্যতা জানতে রামু থানার ওসি তৈয়বুর রহমানকে মুঠোফোনে কল দেয়া হলে থানার তদন্ত ওসি কল রিসিভ করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা আবদুল্লাহ ভূট্টোর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
