রামুতে জনতার সহায়তায় কোটি টাকার ইয়াবা উদ্ধার

রামুতে জনতার সহায়তায় কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে মাদক কারবারিকে ধাওয়া করে মোটর সাইকেল সহ আনুমানিক কোটি টাকার ইয়াবা পুলিশকে ধরিয়ে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেখানা-সোনাইছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নুরুল হাকিম জানান,পান্জেখানা-সোনাইছড়ি সড়ক দিয়ে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া করে। একপর্যায়ে চালক বাইকটি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা এগিয়ে এসে বাইকের পেছনে বাঁধা একটি বিস্কুটের কার্টন দেখতে পায়। সন্দেহবশত কার্টনটি খুলে দেখলে ভেতরে পাওয়া যায় প্লাস্টিকে মোড়ানো একের পর এক ইয়াবার প্যাকেট। পরে খবর দেয়া হলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পলিশের উপস্থিতিতে গণনা করে দেখা যায়, কার্টনের ভেতরে মোট ২৮ হাজার পিস ইয়াবা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা। পুলিশ ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সোনাইছড়ি রোড দিয়ে নিয়মিত মাদক চোরাচালান হয়ে থাকে। এলাকাটি মাদক পাচারকারীদের জন্য গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়দের নজরদারির কারণে এবার বড় একটি চালান ধরা পড়েছে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে ২৮ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এটি একটি বড় ধরনের চালান ছিল। স্থানীয়দের সচেতনতায় এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রা সতর্ক থাকলে মাদক পাচার ঠেকানো অনেকটা সম্ভব হবে। আমরা তদন্ত শুরু করেছি এবং জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি।

  •  
  •  
  •  
  •  
  •