রামুতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার শিশু, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুর ঈদগড়ে ঘুমন্ত অবস্থায় জুই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ফোনে ১০ লাখ মুক্তিপণ দাবিও করা হচ্ছে বলে জানিয়েছে শিশুটির পরিবার। বুধবার (১৩ আগস্ট) পৌনে বারটার দিকে ঈদগড়ের নয়া পাড়া এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে।

শিশুটি কুমিল্লার কাঞ্চননগরের মোঃ জুয়েলের কন্যা। কিছুদিন পূর্বে সে ঈদগড়ের ৬ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

অপহরণের শিকার জুঁই আক্তারে ফুফা কালু ড্রাইভার জানান, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।

ঈদগড় ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম কমরু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফার স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরহরণে জড়িত সকলে চিহ্নিত। তাদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য সব স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিশু উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •